জিপির ‘অনাপত্তি সনদ’ এখনই প্রত্যাহার হচ্ছে না

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:১৩  
এখনই অনাপত্তি প্রত্যাহার হচ্ছে না। এখন পর্যন্ত বাকী এক হাজার কোটি টাকা পরিশোধের পর এনওসি বা অনাপত্তি প্রত্যাহারের সুবিধা পাবে গ্রামীণ ফোন। অবশ্য সুপ্রিম কোর্টের যদি প্রথম কিস্তির টাকা পরিশোধের পর এই সুবিধা দেয়ার আদেশ দেয়, তবে বিটিআরসি সঙ্গে সঙ্গে তা প্রতিপালন করবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিটিআরসি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। নিরীক্ষা দাবির পাওনা নিয়ে রিভিউ আবেদনের বাকি অর্থ পরিশোধ নিয়ে আপিল বিভাগের রায় বিষয়ে তিনি বলেন, “মহামান্য আদলত বলেছেন, দুই হাজার কোটির টাকার মধ্যে বাকি এক হাজার কোটি তিন মাসের মধ্যে দিতে হবে। কিভাবে দিবে পরর্তী আদেশে এর বিস্তারিত দেয়া হবে। এটুকুই আমাকে আমাদের লিগ্যাল ফার্ম ‘লেক্স কাউন্সিল’জানিয়েছে। পরবর্তী সময়ে কীভাবে, কয় কিস্তিতে কত টাকা দেবে, অন্যান্য কী কী সুবিধা পাবে এগুলো আদালত জানিয়ে দেবে।” তিনি বলেন, “আমরা রবি’র ক্ষেত্রেও যখন টাকা দেয়া শুরু করেছে, তখন এনওসি প্রত্যাহার করেছি। এখানে একটু জটিলতা হলো টাকা দেয়ার কথা দুই হাজার কোটি। এখন কিস্তি আদালত দিয়েছে। যদি আদলত বলে, হ্যা প্রথম কিস্তি দেয়ার পরই এনওসি প্রত্যাহার করো। আমরা প্রত্যাহার করে নেবো। আর যদি বলে, দুই হাজার কোটি টাকা দিতে বলেছিলাম, সেটা আদায়ের পরে প্রত্যাহার করো।, তাই করবো। আদালত যেভাবে আদেশ দেয় আমরা সেভাবেই মানবো।”